প্রশ্নঃ কেউ যদি হায়িয অবস্থায় হারাম জেনেও স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার করণীয় কি? সেটার জন্য কাফফারা নাকি দিতে হয়। সে হিসেবে কত টাকা দিতে হবে কাফফারা?
উত্তরঃ হায়েয অবস্থায় জেনেশুনে স্ত্রী সহবাস করা হারাম। কুরআন মাজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (তরজমা) তারা আপনাকে হায়েয সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন, তা অপবিত্রতা। অতএব তোমরা হায়েযের সময় স্ত্রীদের থেকে পৃথক থাক এবং তাদের নিকটবর্তী হয়ো না। যতক্ষণ না তারা পবিত্র হয়। -সূরা বাকারা (২) : ২২২
সুতরাং ঐ ব্যক্তির কর্তব্য হল, আল্লাহ তাআলার কাছে তওবা-ইস্তিগফার করা।
আর এক্ষেত্রে হায়েযের শুরুর দিকে সহবাস হলে এক দীনার আর শেষ দিকে হলে অর্ধ দীনার সদকা করার কথা কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে। তাই এক্ষেত্রে তাওবা-ইস্তিগফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সদকা করে দেওয়া উত্তম হবে। যদি সেই ব্যক্তি গরিব হয়, সদকা আদায়ের সামর্থ্য না থাকে তাহলে খাস দীলে তাওবা-ইস্তেগফার করবে। ভবিষ্যতে এহেন কর্মকান্ড না হয়, সে ব্যাপারে দৃঢ় সংকল্প করবে।
প্রকাশ থাকে যে, দীনার একটি স্বর্ণমুদ্রা। যা বর্তমান হিসেবে ৪.৩৭৪ গ্রাম সমপরিমাণ স্বর্ণ। যার বাজারমূল্য প্রায় ৩২,০০০/- টাকা।
-জামে তিরমিযী, হাদীস ১৩৭; মুসনাদে আহমদ, হাদীস ২২০১; বাযলুল মাজহূদ ২/২৭৮; আলবাহরুর রায়েক ১/১৯৭; ফাতহুল কাদীর ১/১৪৭; ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়া ১/৫৭; আদ্দুররুল মুখতার ১/২৯৮
